
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ স্কাউটস রাজশাহী জেলার উদ্যোগে আয়োজিত ‘৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরী-২০২৬’-এর সমাপনী ও বর্ণাঢ্য ক্যাম্প ফায়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাজশাহী নগরীর ঐতিহ্যবাহী অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প ফায়ারের শুভ উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, “কাব স্কাউটিং শিশু-কিশোরদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ক্যাম্পের মাধ্যমে কোমলমতি শিশুরা দলগত কাজ, পারস্পরিক সহযোগিতা এবং মানবসেবার মূল শিক্ষা লাভ করে। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও স্কাউটিংয়ে অংশগ্রহণের সুযোগ তৈরি করতে হবে।”
তিনি আরও বলেন, স্কাউটিংয়ের মূল চেতনা হলো সেবা, শৃঙ্খলা ও মানবিকতা। এ চেতনা ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য তিনি শিশুদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাহারুল ইসলাম। প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক সম্পাদক মো. সাইফুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. আনোয়ার হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এবং থানা প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও বিপুল সংখ্যক কাব স্কাউট শিক্ষার্থী।
পরিশেষে কাব স্কাউটদের পরিবেশনায় আকর্ষণীয় নাচ, গান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে ৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর পর্দা নামে।#