
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) সার্বিক ব্যবস্থাপনায় রাজশাহীতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন হচ্ছে। বুধবার (২১ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় নগরীর পদ্মা নদীর মুন্নুজান ঘাটে চলমান প্রতিমা বিসর্জন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন উপলক্ষে মুন্নুজান ঘাটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "রাজশাহীতে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। সকল ধর্মের মানুষের সম্প্রীতির বন্ধনই আমাদের মূল শক্তি।"
তিনি আরও উল্লেখ করেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপনে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নগরীর ৮৫টি পূজামণ্ডপের প্রতিটিকে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। এছাড়া ভক্তদের সুবিধার্থে এবং প্রতিমা বিসর্জন কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে রাসিকের উদ্যোগে ঘাট প্রস্তুতকরণ, প্যান্ডেল নির্মাণ, পর্যাপ্ত আলোকায়নসহ সার্বিক নিরাপত্তা ও পরিচ্ছন্নতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ও কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন রাসিকের সচিব মোঃ সোহেল রানা, স্থানীয় সরকারের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন, রাসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মোঃ মাহমুদুর রহমান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু এবং সিটি হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তারিকুল ইসলাম বনি।
এছাড়াও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, রেড ক্রিসেন্ট ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর