নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। জাতির গৌরবময় ইতিহাসের এই দিনটি উপলক্ষে জেলাজুড়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ )সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। একই সময় জেলা পুলিশ লাইন্স মাঠে ৩১ বার তোপধ্বনি প্রদান করা হয় এবং রাজশাহী কালেক্টরেট চত্বরে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কালেক্টরেট চত্বরে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভাগীয় প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পর্যায়ক্রমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানায়। সকাল সাড়ে আটটার দিকে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ জাতীয় সংগীত পরিবেশনার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির উদ্বোধন করেন।
পরে তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বিভাগীয় কমিশনার স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডার শহিদ জিয়াউর রহমানসহ সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে তিনি যোদ্ধাহত ও জীবিত বীর মুক্তিযোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানান এবং সাম্প্রতিক জুলাই আন্দোলনে শহিদদের স্মরণ করেন।
তিনি বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। ১৯৭১ সালের এই দিনে শোষণ-বঞ্চনা ও বৈষম্যের বিরুদ্ধে বাঙালি জাতি স্বাধীনতার পথে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করে। লাখো শহিদের আত্মত্যাগ ও সাধারণ মানুষের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রেরণা হয়ে আছে।
বিভাগীয় কমিশনার আরও বলেন, রাজশাহী বিভাগ শিক্ষা, কৃষি ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তিনি দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থাকার এবং দেশের উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে। পরে মার্চপাস্ট ও ডিসপ্লেতে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. মো. জিল্লুর রহমান এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর