
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারত্ব দূরীকরণে নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়টি প্রধানমন্ত্রীর নিকট গুরুত্বসহকারে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী আগমন উপলক্ষে সোমবার (১৯ অক্টোবর) ঐতিহাসিক মাদ্রাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, "প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান প্রথমবারের মতো রাজশাহীতে সফরে আসছেন। তাকে বরণ করে নিতে নগরবাসী ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এই আগমন রাজশাহীবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।"
তিনি আরও উল্লেখ করেন, ২০২৬ সালের ২৯ জানুয়ারি এই ঐতিহাসিক মাদ্রাসা মাঠেই নির্বাচনী জনসভায় পদ্মা ব্যারেজ নির্মাণ, কৃষকদের কৃষি ঋণ মওকুফ ও কৃষক কার্ড প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। ক্ষমতার আসার পর ইতোমধ্যে একনেক সভায় পদ্মা ব্যারেজ নির্মাণে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশাল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নতুন বাংলাদেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এবং তাঁর এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর উন্নয়ন ও অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।
পরিদর্শনকালে রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ, রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর