
বিশেষ প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় একটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ ও কোডিনযুক্ত কাশির সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। বুধবার (৪ নভেম্বর ২০২৬) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কিশোরপুর মালোপাড়া গ্রামে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৫ রাজশাহী সদর কোম্পানির একটি চৌকস দল রাত ১২টা ৪০ মিনিটে এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার করা মাদকের মধ্যে রয়েছে:
৫৩ বোতল ইস্কাফ (কোডিনযুক্ত সিরাপ), ৩৯ বোতল উইন সেরেক্স কফ সিরাপ, ৯ বোতল ওল্ড মঙ্ক রাম (১৮০ মি.লি.-এর ৪ বোতল ও ৩৭৫ মি.লি.-এর ৫ বোতল), ১০ বোতল মাউন্টেন ওক হুইস্কি (১৮০ মি.লি.) ও ২ বোতল অফিসার্স চয়েস হুইস্কি (৭৫০ মি.লি.)।
এসআরবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও উদ্ধারকৃত মাদকের সাথে জড়িত কাউকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পরে উদ্ধার করা এসব মাদকদ্রব্য পরিত্যক্ত অবস্থায় জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে বাঘা থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।
প্রাথমিক অনুসন্ধানে সংশ্লিষ্টদের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এসআরবি জানিয়েছে, ঘটনার সাথে জড়িত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অনুসন্ধান এবং অভিযান অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর