
মোঃ সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাটুভাঙ্গা সেতুর টোলপ্লাজায় হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এতে টোল আদায়ের তিন কর্মচারী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ হৃদয় খান ওরফে সেকেন্দার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে হাটুভাঙ্গা সেতু পার হওয়ার সময় একটি ট্রাকের চালক টোল পরিশোধ করতে ১,০০০ টাকার নোট দেন। ভাংতি টাকা ফেরত দিতে সামান্য দেরি হওয়ায় চালক ক্ষিপ্ত হয়ে রাস্তার ওপর ট্রাক দাঁড় করিয়ে যান চলাচল বন্ধ করে দেন।
টোলকর্মীরা ট্রাকটি সরিয়ে নিতে অনুরোধ করলে চালক ও হেলপার তাদের ওপর চড়াও হন। পরবর্তীতে চালক আরও লোক ডেকে এনে পুনরায় টোলকর্মীদের ওপর হামলা চালান। এ সময় হামলা থামাতে গেলে টোলের ইজারাদারের স্ত্রীর বোনকে মারধর ও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
টোলের ইজারাদার মাসুদুর রহমান বলেন, "একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে হাটুভাঙা সেতুর টোল আদায় বন্ধ করার পাঁয়তারা করছে।" তিনি অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
অন্যদিকে, মামলার অন্যতম আসামি লাভলু ওরফে লখাই অভিযোগ অস্বীকার করে জানান, টোলপ্লাজার কর্মীরা ৯০০ টাকা ফেরত না দিয়ে উল্টো চালক ও হেলপারকে মারধর এবং গাড়ি ভাঙচুর করেছে। তাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
ঘটনায় ফারহানা বেগম বাদী হয়ে শনিবার রাতে মির্জাপুর থানায় ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাশেদ ফজল জানান, পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় আসামি হৃদয় খান ওরফে সেকেন্দারকে গ্রেপ্তার করেছে। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর