
# মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পর্যাপ্ত সারের ঘাটতি ও সংকটের অজুহাত দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার গোড়াই, পৌরসভা, ফতেপুর ও ভাওড়া ইউনিয়ন এলাকার ডিলার ও খুচরা ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অনিয়মের অভিযোগ করেছেন স্থানীয় কৃষকরা।
অভিযোগে জানা গেছে, ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে সার এনে বস্তা খুলে কেজিপ্রতি হিসেবে বিক্রি করছেন। এতে বস্তাপ্রতি সার ঘাটতি দেখিয়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দাম রাখা হচ্ছে। বোরো ও অন্যান্য ফসল আবাদের এই গুরুত্বপূর্ণ সময়ে সার কিনতে গিয়ে কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। বাধ্য হয়ে অতিরিক্ত মূল্য দিয়ে হন্যে হয়ে সার সংগ্রহ করতে হচ্ছে তাদের।
ভুক্তভোগী কৃষকদের অভিযোগ, প্রশাসনের নিয়মিত নজরদারি না থাকায় এক শ্রেণির অসাধু ব্যবসায়ী এ সুযোগ নিচ্ছেন। জমিতে সময়মতো সার প্রয়োগ করতে না পারলে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে; তাই বাধ্য হয়েই চড়া দামে যতটুকু সার পাচ্ছেন, তা-ই কিনে নিচ্ছেন তারা।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারের অতিরিক্ত মূল্য নেওয়ার কোনো সুযোগ নেই। তবে কৃষকদের চাহিদা অনুযায়ী বস্তা খুলে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কৃষক ও সচেতন মহলের দাবি, দ্রুত প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন সারের ডিলার ও খুচরা দোকানে নিয়মিত তদারকি ও অভিযান পরিচালনা করা হোক, যাতে নির্ধারিত মূল্যে কৃষকরা সহজে সার পেতে পারেন এবং ফসল উৎপাদন ব্যাহত না হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর