
মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদ থেকে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে তানভীর হাসান নামে এক শ্রমিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (বিকেলে) উপজেলার লতিফপুর ইউনিয়নের শেওড়াতৈল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তৌহিদ রেজা।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার চিহ্নিত কয়েকজন বালু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির যোগসাজশে গত প্রায় এক সপ্তাহ ধরে শেওড়াতৈল এলাকায় বংশাই নদে ড্রেজার বসিয়ে দিন-রাত অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। পরবর্তীতে উত্তোলন করা বালু বাল্কহেডে লোড করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করে আসছিল চক্রটি।
এলাকাবাসী জানান, নদীর গভীর তলদেশ থেকে অপরিকল্পিতভাবে বালু তোলায় দুই তীরের মাটি ধসে নদীভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করা হলে নদীতীরবর্তী বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার তীব্র আশঙ্কা দেখা দিয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে বুধবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা সরেজমিনে অভিযান পরিচালনা করেন। ঘটনার সত্যতা পেয়ে তানভীর হাসান নামে এক ড্রেজার শ্রমিককে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে নদীর ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর