
মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গা মন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জামুর্কী আর্য্য সমিতির আয়োজনে গত প্রায় ৮৫ বছর ধরে ওই মন্দিরটিতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছরও সেখানে সাড়ম্বরে দুর্গাপূজার আয়োজন করা হয়। মন্দিরে দুর্গা প্রতিমাসহ সাতটি প্রতিমা নির্মাণ করা হয়েছিল। রঙ করা ছাড়া প্রতিমাগুলোর প্রায় সব ধরনের কাজ সম্পন্ন ছিল। কিন্তু বুধবার রাতে কে বা কারা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভাঙচুর করে।
বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শামসুল আলম সরকার এবং সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।
জামুর্কী আর্য্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী জানান, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ বলেন, "সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং আয়োজকদের সাথে কথা বলে নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দিয়েছি।"
এ বিষয়ে মির্জাপুর থানার পরিদর্শক লুকমান হোসেন জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। পাশাপাশি মন্দিরের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর