প্রিন্ট এর তারিখঃ জুন ২০, ২০২৬, ২:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৬, ৩:০৫ পি.এম
মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমাম, মোটরসাইকেল নিয়ে গেল চোর

নিজস্ব প্রতিবেদক: বাইরে মোটরসাইকেল রেখে মসজিদে নামাজ পড়াতে ঢুকেছিলেন ইমাম। নামাজ আদায়ে সময় লাগে ১০ মিনিট। এই সময়ের মধ্যেই তাঁর মোটরসাইকেলটি চুরি করে নিয়ে গেছে চোর। বুধবার (১৭ জুন) বিকেলে আসরের নামাজের সময় রাজশাহী নগরের পদ্মা আবাসিক এলাকার মসজিদ-এ কুবা’র সামনে এই ঘটনা ঘটে। চলাচলের একমাত্র বাহনটি খোয়া যাওয়ায় বেকায়দায় পড়েছেন ওই মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমদ। এব্যাপারে তিনি নগরের চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গত বুধবার বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটে আসরের নামাজ পড়ানোর জন্য মসজিদের ভেতরে যান ইমাম। তখন মসজিদের সামনে বাজাজ ডিসকভার ১২৫ সিসির মোটরসাইকেলটি (রাজ-মেট্রো-হ-১৪-০১৩৫) রেখে যান। নামাজ আদায়ের পর দেখেন, মোটরসাইকেল নেই। চোর তার মোটরসাইকেলটি নিয়ে গেছে।
এ বিষয়ে ইমাম হোসাইন আহমদ জানান, চলাচলের একমাত্র বাহনটি হারিয়ে তিনি চরম দুশ্চিন্তায় পড়েছেন। দ্রুত মোটরসাইকেলটি উদ্ধার এবং চোর চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে তিনি পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।’#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর