
নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে ভূমিসেবা নিতে এসে সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি, অযথা বিলম্ব ও অনিয়মের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি জনগণকে দ্রুত, সহজ ও নির্ভুল সেবা দিতে হবে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাসিক রাজস্ব সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল— ‘ভূমিসেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’।
সম্মেলনে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, সরকারি রাজস্ব আদায়ে গাফিলতি, ভূমি ব্যবস্থাপনায় অনিয়ম এবং সেবাপ্রার্থীদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ডিজিটাল ভূমিসেবার সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের পূর্ণ আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নামজারি, ভূমি উন্নয়ন কর আদায়, খাসজমি ব্যবস্থাপনা এবং সরকারি সম্পত্তি সংরক্ষণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে। সরকারি জমি ও সম্পত্তি রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না এবং প্রতিটি কাজ প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে সম্পন্ন করতে হবে।
মাসিক রাজস্ব সম্মেলনে জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব প্রশাসনের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সরকারি রাজস্ব আদায় বৃদ্ধি, ভূমিসেবার মানোন্নয়ন এবং ভূমি অফিসের কার্যক্রমে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি সাধারণ মানুষের অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ভূমিসেবা প্রদানে যেকোনো ধরনের দীর্ঘসূত্রতা পরিহার করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বেলায়েত হোসেন, সিনিয়র সহকারী কমিশনার অভিজিত সরকার, এসএ শাখা ও ভিপি শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ (ইউএনও) এবং সহকারী কমিশনারগণ (ভূমি)।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর