
ঈশ্বরদী প্রতিনিধি: ভাল মানুষ হয়ে এবং ভাল রেজাল্ট করার মাধ্যমে যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব। ঈশ্বরদীর আরামবাড়িয়ার আসনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না।
গত বুধবার সকালে সালমান লাইব্রেরীর উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন তৌহিদ আক্তার পান্না।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "সকল শিক্ষার্থীকে প্রথমে ভাল মানুষ হতে হবে। পড়াশোনায় ভাল রেজাল্ট করার পাশাপাশি শিক্ষক ও পিতামাতার আদর্শ মেনে চলতে হবে। যোগ্য নাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করতে পারলেই পিতামাতা, শিক্ষক এবং এলাকাবাসী গর্বিত হবেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা খাতুনের সভাপতিত্বে এবং শিক্ষিকা লাভলী ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহিদুল ইসলাম। আয়োজকদের পক্ষ থেকে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক জিএম দোলন।
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীরাও তাদের অনুভূতির কথা ব্যক্ত করে স্মৃতিচারণ করে। আরামবাড়িয়ায় শিক্ষামূলক এই ধরনের ধারাবাহিক কর্মসূচির আয়োজন করার জন্য অভিভাবক ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে সালমান লাইব্রেরী কর্তৃপক্ষকে ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী অতিথিদের পানিভরা স্কুল মাঠের বাস্তব চিত্র ঘুরে দেখান। এসময় স্কুল মাঠ সংস্কার এবং জলাবদ্ধতার স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন শিক্ষকরা।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর