
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ সুলতানা বেগমকে (৩৫) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
আটককৃত সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সেহলা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং বিভিন্ন অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ছিল।
বিষয়টি নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু জানান, গোপন সূত্রে জানা যায় নিষিদ্ধ সংগঠনের ওই নেত্রী সোনামসজিদ ইমিগ্রেশন ব্যবহার করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এই তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় বিজিবি টহল জোরদার করা হয় এবং তাঁকে চিহ্নিত করে আটক করা সম্ভব হয়।
তিনি আরও জানান, আটককৃত সুলতানা বেগমের বিরুদ্ধে নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টি ও একাধিক গুরুতর ধারায় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে মামলা রয়েছে। বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাঁকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর