
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: "রাজশাহীর উদ্যোক্তা" আয়োজিত সাত দিনব্যাপী ‘শরৎ উৎসব ও মেলা’র বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর টি-বাঁধের বিপরীতে ‘পিঁপড়া আপ্যায়ন ও কনভেনশন সেন্টারে’ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানের শুরুতে রাসিক প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্যের খোঁজখবর নেন।

সমাপনী বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, "দেশের বেকারত্ব দূরীকরণে তরুণ উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম। তরুণদের স্বাবলম্বী ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ সৃষ্টি করা হবে।"
তিনি আরও আশ্বাস দেন যে, ভবিষ্যতে রাজশাহীতে উদ্যোক্তাদের জন্য আরও বড় পরিসরে মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হলে রাসিক পূর্ণ সহযোগিতা করবে।

উদ্যোক্তা মেলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য ও সেবার প্রচার এবং বাজার সম্প্রসারণে এ জাতীয় মেলা দারুণ ভূমিকা রাখে। বর্তমান সরকার উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রয়োজনীয় সহায়তা প্রদানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে নিরলসভাবে কাজ করছে। তরুণদের এই উদ্ভাবনী চিন্তা ও উদ্যোগই দেশের অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করবে।
সমাপনী অনুষ্ঠানে মেলার মূল আয়োজক (অর্গানাইজার) তৌহিদ ফেরদৌস তন্ময়, নিপাশ বিপু এবং তোহা রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর শুরু হওয়া এই সাত দিনব্যাপী ‘শরৎ উৎসব ও মেলা’য় প্রায় ৭০টি স্টল অংশ নেয়। প্রতিদিন বিপুল সংখ্যক দর্শনার্থী ও ক্রেতা-সাধারণের সমাগমে মেলা প্রাঙ্গণ মুখরিত ছিল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর