
বিএনপি লাশের রাজনীতিতে বিশ্বাস করে না—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে এসেছে এবং জনগণের সমর্থন নিয়েই সকল অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন কুষ্টিয়া সফর উপলক্ষে জনসভাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন বলেন, পলাতক স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত দল লাশের রাজনীতিতে বিশ্বাস করে। তাঁর দাবি অনুযায়ী, অতীতে হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এবং সহিংসতার ইতিহাস ওই দলটিরই। ২০২৪ সালের জুলাই আন্দোলনে গুলিতে ১ হাজার ৪০০ মানুষ নিহত ও ৩০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে দলটির হাজার হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন।
আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, তারা আবারও পুরোনো কায়দায় গায়ের জোরে নিজেদের মতামত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণ যেভাবে জবাব দিয়েছে, আগামীতেও গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় জনগণ একইভাবে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আসন্ন কর্মসূচি সম্পর্কে সমাজকল্যাণ মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সফরে এসে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কেন্দ্রীয় উদ্বোধন করবেন। একই দিনে দেশের ১৩২টি উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপির নির্বাচনী অঙ্গীকারের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো এই ফ্যামিলি কার্ড। প্রথম পর্যায়ে হতদরিদ্র ও দরিদ্র পরিবারের সদস্যরা কোনো ধরনের রাজনৈতিক বা ধর্মীয় ভেদাভেদ ছাড়াই এ সুবিধা পাবেন। চলতি বছর প্রথমে প্রায় ৪১ লাখ পরিবারকে এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা থাকলেও মাঠপর্যায়ের তথ্য সংগ্রহের পর প্রায় ৮০ লাখ পরিবারের সম্ভাব্য তালিকা পাওয়া যাচ্ছে বলে তিনি জানান। এর পাশাপাশি কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ এবং মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডার ধর্মীয় নেতাদের জন্য বিশেষ সহায়তা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৪ মার্চ দিনাজপুর থেকে খাল খনন কর্মসূচি শুরু করেছেন। পর্যায়ক্রমে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
জনসভাস্থল পরিদর্শনের সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহবার উদ্দিন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারসহ প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি:
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর