
মোহাা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সরকারি কাজে স্থানীয় কতিপয় ব্যক্তির বাধার কারণে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার একাডেমি মোড় থেকে দেবীনগর পর্যন্ত প্রায় ২ হাজার ১০০ মিটার দীর্ঘ ড্রেন নির্মাণকাজ গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পথচারী, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।
গুরুত্বপূর্ণ সড়কে চলাচলে চরম ভোগান্তি:
সরজমিনে গিয়ে দেখা গেছে, ড্রেনটি যে সড়কের পাশে নির্মিত হচ্ছে সেটির মাধ্যমে থানা, স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ, উপজেলা পরিষদ, সাব-রেজিস্ট্রার অফিস, সোনালী ব্যাংক, বীমা অফিস এবং মাদ্রাসা-মসজিদসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াত করতে হয়। প্রতিদিন এই সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। গর্ত খুঁড়ে কাজ ফেলে রাখায় এবং বৃষ্টির কারণে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে। স্থানীয়রা দ্রুত এ ড্রেন নির্মাণকাজ শেষ করে জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন।

প্রকল্পের তথ্য ও ঠিকাদারের বক্তব্য:
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, জলাবদ্ধতা নিরসনে 'আইইউজিআইপি' (IUGIP) প্রকল্পের আওতায় প্রায় ৯ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে ড্রেনটির কাজ শুরু করা হয়। ২,১০০ মিটারের মধ্যে ১,৮০০ মিটারের কাজ শেষ হলেও অবশিষ্ট ৩০০ মিটার অংশে বাধা দেন স্থানীয় তিন বাসিন্দা।
ঠিকাদার জাহাঙ্গীর আলম জানান, "নির্মাণকাজ প্রায় শেষের দিকে হলেও তিনজন বাসিন্দা পৌরসভার নির্ধারিত জায়গায় মাটি কাটতে বাধা দেওয়ায় কাজ বন্ধ রাখতে হয়েছে। পৌরসভা ব্যবস্থা নিলেই অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা সম্ভব।"
স্থানীদের আপত্তি ও প্রশাসনের প্রতিক্রিয়া:
কাজে বাধাদানকারী স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম জানান, "আমার বাড়ির মধ্যে পৌরসভার জায়গা থাকলেও দেয়ালের একদম গা ঘেঁষে ড্রেন করা হলে বসতবাড়ি ঝুঁকির মুখে পড়বে। দেয়াল থেকে একটু সরিয়ে ড্রেন নির্মাণের দাবি জানিয়ে আমরা আপত্তি তুলেছি।

এ বিষয়ে শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম জানান, "ড্রেন নির্মাণ করতে গিয়ে পৌরসভার নির্ধারিত জায়গায় কয়েকটি বাড়ি ও একটি মসজিদের কিছু অংশ পড়েছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করে দ্রুত এ সমস্যার সমাধান করে বন্ধ থাকা ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর