বিশেষ প্রতিনিধি: পায়ুপথে অভিনব কৌশলে বিপুল পরিমাণ ইয়াবা পরিবহণকালে এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। গ্রেফতার ব্যক্তির নাম মো. শাহানুর রহমান ওরফে শাহিন (৩২)। তিনি নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পানকা গ্রামের মো. রমজান আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, র্যাব প্রতিষ্ঠার শুরু থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সন্ত্রাস, মাদক, অস্ত্র, ছিনতাইসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুরে রাজশাহী জেলার বাঘা উপজেলার আড়ানী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাব-৫ এর সিপিএসসি’র একটি আভিযানিক দল জানতে পারে, এক মাদক ব্যবসায়ী ট্রেনযোগে অবৈধ মাদকদ্রব্য নিয়ে রাজশাহীর বাঘার উদ্দেশ্যে রওনা হয়েছে। পরে আড়ানী রেলস্টেশন এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে দেহ তল্লাশি চালানো হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে তার পায়ুপথের ভেতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৯৮৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার শাহিন আন্তঃজেলা মাদক চক্রের একজন সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ট্রেন ও বাসের মাধ্যমে কক্সবাজার জেলার সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। র্যাব জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর