
ক্যাপশন: ৫৫তম জাতীয় সমবায় দিবস বাঘা
বিশেষ প্রতিনিধি: বাঘা একটি কৃষিপ্রধান উপজেলা। এখানে আম, ধান, সবজি, মৎস্য ও দুগ্ধ খামার—সব ক্ষেত্রেই সমবায়ের বিশাল সুযোগ রয়েছে। বাঘার কৃষক, নারী উদ্যোক্তা ও যুবকেরা সবাই যদি সৎভাবে সমবায়ে যুক্ত হন, তবেই বাঘা একটি স্বাবলম্বী উপজেলা হিসেবে গড়ে উঠবে। ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এবারের প্রতিপাদ্য ছিল— “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”। এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (৮ নভেম্বর) রাজশাহীর বাঘায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে রবিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টা ৫ মিনিটে সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে আলোচনা সভার আনুষ্ঠানিকতা শুরু হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেননি।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন— বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, জেলা বিএনপির সদস্য নুরুজ্জামান খান মানিক, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, কৃষক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম সানা এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ।
এছাড়া সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন— বাঘা থানা গ্রাম্য চিকিৎসক সমবায় সমিতির সভাপতি ডা. মো. আব্দুল লতিফ মিঞা, পাকুড়িয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন, বাজুবাঘা প্রশিক্ষিত যুব সমবায় সমিতির সভাপতি মো. আমিরুল ইসলাম, উত্তর গাওপাড়া মৎস্যচাষী সমবায় সমিতির সভাপতি লিটন ভূঁইয়া, জাহান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আব্দুল মজিদ এবং গড়গড়ি ইউনিয়ন কুলি শ্রমিক সমবায় সমিতির সভাপতি জুয়েল আহমেদ।
বক্তারা বলেন, সমবায় কেবল কোনো অর্থনৈতিক সংগঠন নয়, এটি একটি সামাজিক আন্দোলন। একা চলার চেয়ে সম্মিলিতভাবে কাজ করলে কৃষক, নারী উদ্যোক্তা ও যুবকেরা দ্রুত স্বাবলম্বী হতে পারেন। সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে বড় পুঁজিতে রূপান্তর করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব। এজন্য সমবায় সমিতিগুলোকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সক্রিয় রাখার ওপর জোর দেন তারা।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদার বলেন, “সবার জন্য বাংলাদেশ গড়তে হলে সমবায়কে শক্তিশালী করতে হবে। বাঘার প্রতিটি সমিতি যদি নিয়ম মেনে এবং সততার সাথে পরিচালিত হয়, তবেই বাঘাই হবে একটি স্বাবলম্বী উপজেলা।”
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, শিক্ষক, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর