বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় নিজ বাড়ির শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষের পাওয়া গন্ধ থেকে ধারণা করা হচ্ছে, বিষপানে তারা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার আরিফপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তারা হলেন, ওই গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা জামাল উদ্দীনের ছেলে মনিরুল ইসলাম (৪৫) এবং তার স্ত্রী স্বপ্না খাতুন (৩৮)। তারা নিঃসন্তান ছিলেন। মনিরুল পেশায় ভ্যান চালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারের দেওয়া মুক্তিযোদ্ধা কোটার ঘরে স্বামী-স্ত্রী বসবাস করতেন। মঙ্গলবার সকালে ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন জানান, মঙ্গলবার সাড়ে ১১ টার সময় গ্ৰামের লোক জন ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে শয়ন কক্ষের একই খাটের উপর দুজনের মরদেহ দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে তারা এসে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
আলাউদ্দিন জানান, তাদের মুখে ঘাস মারা বিষের গন্ধ পাওয়া যায়। সেই গন্ধ শয়ন কক্ষের ভেতরে ও পাওয়া গেছে। বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা রাতের কোনো এক সময় বিষপান করেছেন। মরদেহের পাশ থেকে তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।” তিনি আরও বলেন, “এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।”#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর