
বাঘায় দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত হওয়ার ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) ভোররাত ২টা ১০ মিনিটের দিকে রাজশাহীর বাঘা উপজেলার চন্ডিপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম মো. নাসির (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে আসা আলু বোঝাই একটি ট্রাক (যশোর-ট-১১-৪৩৯১) চন্ডিপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠের গুঁড়া বোঝাই ট্রাকের (রাজ মেট্রো-ড-১১-০১১৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আলু বোঝাই ট্রাকটি ব্রেক করলে দুটি ট্রাকের মধ্যে ধাক্কা লাগে এবং কাঠের গুঁড়া বোঝাই ট্রাকটি উল্টে যায়। এতে চালক নাসিরসহ ট্রাকে থাকা আরও দুইজন গাড়ির নিচে চাপা পড়েন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চালক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাসির বাঘা পৌরসভার বানিয়াপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে। আহত দুইজন হলেন—একই পৌরসভার বানিয়াপাড়া গ্রামের শহিদুলের ছেলে তুষার হোসেন (২০) এবং আলেক চান এর ছেলে মো. শুভ ফকির (১৯)।
বাঘা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাক দুটি জব্দ করা হয়েছে। ঘটনার পর আলু বোঝাই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন; তাদের নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি। এ বিষয়ে সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
বিশেষ প্রতিনিধি প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর