
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় মাদক বিক্রির প্রতিবাদ করায় মো. এরশাদ আলী নামের এক ব্যক্তিকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে ৮টি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং মাদক সম্রাজ্ঞী ‘ফেন্সি জুলেখা’র অবিলম্বে গ্রেফতারের দাবিতে ভবানীগঞ্জে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া এলাকার বাসিন্দাদের ব্যানারে বাগমারার পুরাতন পল্লী বিদ্যুৎ মোড়ে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন:
দীর্ঘদিনের মাদক সাম্রাজ্য: চিহ্নিত মাদক সম্রাজ্ঞী জুলেখা বিগত ২০ বছর ধরে ভবানীগঞ্জ ও আশেপাশের এলাকায় অবাধে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।
একাধিক মামলা সত্ত্বেও অপরাধ: জুলেখার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৭টি মাদক মামলা রয়েছে। তবুও আইনের ফাঁক গলে বেরিয়ে এসে সে পুনরায় অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
লাঠিয়াল বাহিনীর অত্যাচার: এলাকার কেউ মাদক ব্যবসার প্রতিবাদ করলে জুলেখার ‘লাঠিয়াল বাহিনী’ তার ওপর হামলা চালায়। সম্প্রতি প্রতিবাদ করায় এরশাদ আলীকে জিআই পাইপ দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করা হয় এবং তাঁর ৮টি দাঁত ভেঙে দেওয়া হয়।
মানববন্ধন থেকে এলাকাবাসী ও সচেতন নাগরিকেরা অবিলম্বে এরশাদ আলীর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, মাদক সম্রাজ্ঞী ফেন্সি জুলেখাকে গ্রেফতার এবং বাগমারায় মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর