রুস্তম আলী শায়ের, বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ জ্বালানি তেলের সম্ভাব্য সংকটের গুঞ্জন ছড়িয়ে পড়ায় রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে হঠাৎ করেই বেড়ে গেছে যানবাহনের চাপ। মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের চালকেরা প্রয়োজনের তুলনায় বেশি জ্বালানি সংগ্রহের চেষ্টা করায় পাম্পগুলোতে দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে শিকদারী ফিলিং স্টেশন, তাহেরপুর ফিলিং স্টেশন ও ভবানীগঞ্জ ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিদিনের তুলনায় উল্লেখযোগ্য সংখ্যক বেশি ক্রেতা জ্বালানি নিতে ভিড় করছেন। অনেকেই মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের ট্যাংক পূর্ণ করে জ্বালানি সংগ্রহ করছেন। ফলে স্বাভাবিক সময়ের তুলনায় পাম্পগুলোতে চাপ বেড়েছে।
বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের খুচরা তেল বিক্রেতা সেলিম রেজা বলেন, "সকাল থেকে হঠাৎ করে বহু মোটরসাইকেল মালিক এসে অতিরিক্ত তেল চাচ্ছে। বিকেল নাগাদ শুনছি তেল সংকট হতে পারে—এমন আশঙ্কায় অনেকে প্রয়োজনের তুলনায় বেশি তেল কিনছেন।" মোটরসাইকেল চালক শামীম আহমেদ বলেন, "আমিও তো শুনছি তেল সংকট হতে পারে, তাই একটু বেশিই তেল নেওয়ার চেষ্টা করছি।"
ফিলিং স্টেশন সংশ্লিষ্টদের দাবি, স্বাভাবিক সময়ের তুলনায় গ্রাহকের সংখ্যা অনেক বেড়েছে। তবে এটি মূলত গুঞ্জনের কারণে সৃষ্টি হওয়া অতিরিক্ত চাহিদা। সরবরাহ স্বাভাবিক থাকলে জ্বালানি সংকটের আশঙ্কা নেই বলেও তারা জানান।
এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, "বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। কেউ যদি কোনো অনিয়ম করে থাকে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর