
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সরকারিভাবে ইজারা নেওয়া পুকুর দখলের চেষ্টা, মাছ ধরে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ছাত্রদল নেতা নামজুল ইসলাম নয়ন। সংবাদ সম্মেলনে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নয়ন জানান, সরকারি টেন্ডারের মাধ্যমে ১৪৩৩ থেকে ১৪৩৫ বাংলা সনের জন্য সংশ্লিষ্ট পুকুরটি ইজারা নেন সাইদুর রহমান। ইজারার নিয়ম অনুযায়ী সরকারি যাবতীয় পাওনা পরিশোধের পর গত ৬ মে পুকুরে প্রায় ৬০ হাজার টাকার মাছের পোনা অবমুক্ত করা হয়।
তবে মাছ অবমুক্ত করার পর থেকেই স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পুকুরটি দখলের অপচেষ্টা শুরু করেন। একপর্যায়ে তারা পুকুর থেকে অবৈধভাবে মাছ ধরে নিয়ে যান। বর্তমানে পুকুরে গেলে ইজারাদার সাইদুর রহমানকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
ইজারা সংক্রান্ত এই বিরোধ ও নিরাপত্তার বিষয়ে ইজারাদার পক্ষ থেকে ইতিমধ্যে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
অভিযোগের ভিত্তিতে গত ১৭ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উভয় পক্ষকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়। ছাত্রদল নেতার দাবি, ওই শুনানিতে প্রতিপক্ষের লোকজন পুকুরটির সপক্ষে কোনো বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
সংবাদ সম্মেলন থেকে ছাত্রদল নেতা নামজুল ইসলাম নয়ন ইজারাদারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বৈধ স্বত্ব রক্ষায় স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর