
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
বদরগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা বিএনপির সহ-সভাপতি পদ পাওয়ার পর থেকেই রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাজনীতিতে তীব্র আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। স্থানীয় নতুন কমিটিতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় নেতা তোফাজ্জল হোসেনকে এই গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় মাঠপর্যায়ের নেতাকর্মীদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।
বিষ্ণুপুর ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ শাহ বলেন, "নতুন কমিটিতে আমাকে সদস্য পদেও রাখা হয়নি, অথচ ওই ওয়ার্ডে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা তোফাজ্জল হোসেনকে সহ-সভাপতি পদে রাখা হয়েছে। বিষয়টি উপজেলা ও ইউনিয়নের বিএনপি নেতাদের অবগত করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।"
এ বিষয়ে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মমিনুল শাহ বলেন, "আমাকে এ বিষয়ে জিজ্ঞাসা না করে পরিতোষ স্যারের কাছে জানতে চান, তাহলে সকল বিষয়ে উত্তর পেয়ে যাবেন।"
তিনি আরও বলেন, "আমি জেল খেটেছি, ১০টা ইউনিয়নে খোঁজ নিলে তোফাজ্জল হোসেনের মতো আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ থেকে বিএনপি নেতা আরও অনেক পাওয়া যাবে।"
উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী ফেসবুক কমেন্ট লিংকে লিখেছেন, "ওয়ার্ডের নেতা নির্বাচন করে ইউনিয়ন বিএনপির নেতারা, সেখানে উপজেলা বিএনপির কোনো হাত থাকে না।"
অপরদিকে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক মুঠোফোনে বলেন, "এ বিষয়ে আমার জানা নেই, তবে ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কথা বলে বিষয়টি জানা যাবে।"
উক্ত ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকারে থাকা অবস্থায় এই তোফাজ্জল হোসেন চৌধুরী পরিবারের লোকজনের সাথে সম্পৃক্ত থেকে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এখন সেই ব্যক্তি কীভাবে হঠাৎ করে ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি পদে আসীন হলেন—তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। তারা এটিকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন।
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর