প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১১:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৩:২১ পি.এম
বদরগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীর সাথে প্রতারণা থানায় অভিযোগ মোটা অংকের টাকায় ঘরোয়া রফাদফা

# বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীর সাথে প্রতারণা। থানায় অভিযোগ পরে মোটা অংকের আর্থিক লেনদেন করে স্থানীয় ও ঘরোয়া ভাবে রফাদফা করার অভিযোগ উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে প্রতারণা এবং পরবর্তীতে কবিরাজি বা যাদুটোনার মাধ্যমে মানসিক ও শারীরিকভাবে অসুস্থ করেছে মর্মে অভিযোগে উল্লেখ রয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঁচাবাড়ি চৌপতির হাট পশ্চিম পাড়া এলাকায়।এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর পিতা মোঃ মোস্তাকিম বদরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও শেষ পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ ছাড়াই বিষয়টি ধামাচাপা দেওয়া হয়েছে। স্থানীয় একটি স্বার্থান্বেষী মহলের মধ্যস্থতায় গত বৃহস্পতিবার (২ জুলাই) ঘরোয়াভাবে মোটা অংকের অর্থ লেনদেনের মাধ্যমে পুরো ঘটনাটি আপস-মীমাংসা করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
থানায় দায়েরকৃত লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচাবাড়ী চৌপতিরহাট পশ্চিমপাড়া এলাকার মোঃ মোস্তাকিমের কন্যা মোছাঃ মোকলেছিনা খাতুনকে প্রতিবেশী মোঃ খাদিমুল ইসলামের ছেলে মোঃ ফেরদৌস মিয়া (২২) দীর্ঘ দিন ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। একপর্যায়ে ফেরদৌস ওই তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে ফুসলিয়ে নিজের প্রতি আকৃষ্ট করে এবং বাড়ি থেকে দূরে সরিয়ে রাখে। অভিযোগ রয়েছে, ফেরদৌস ওই তরুণীকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন ধরনের যাদুটোনা বা কবিরাজি চিকিৎসা করায়, যার ফলে তরুণীটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরবর্তীতে বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে তরুণীর পিতা মোঃ মোস্তাকিম অভিযুক্ত ফেরদৌসের পরিবারকে বিয়ের জন্য একাধিকবার অনুরোধ করেন। কিন্তু ফেরদৌসের পরিবার বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যায় এবং একপর্যায়ে মূল অভিযুক্ত ফেরদৌস মিয়া এলাকা থেকে পালিয়ে যায়। নিরুপায় হয়ে ভুক্তভোগীর পরিবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম্য শালিসের দ্বারস্থ হলেও বিবাদী পক্ষ কোনো শালিস-বৈঠকে অংশ নিতে অস্বীকৃতি জানায়।
গত ২৯ জুন ২০২৩ তারিখ দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকায় ভুক্তভোগী তরুণীর পিতা ও আত্মীয়-স্বজন বিবাদী ফেরদৌসের বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে কথা বলতে গেলে অন্য বিবাদীরা (মোঃ খাদিমুল ইসলাম, মোছাঃ আল্লাদি বেগম, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ অহিদুল ইসলাম এবং মোছাঃ বেলা রানী) তাদের ওপর চড়াও হন। তারা কোনো সন্তোষজনক উত্তর না দিয়ে উল্টো অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারধর এবং তরুণীর প্রাণনাশের হুমকি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। এ ঘটনার পর তরুণীর পিতা মোঃ মোস্তাকিম সাক্ষী মোঃ জিকরুল হক ও মোঃ সোহেল বাবুসহ অন্যান্যদের সহযোগিতায় বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ দায়েরের পর বিষয়টি যখন আইনি প্রক্রিয়ায় যাওয়ার অপেক্ষায় ছিল, ঠিক তখনই মাঠে নামে স্থানীয় একটি প্রভাবশালী স্বার্থান্বেষী মহল। আইন ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে গত শুক্রবার ওই মহলটি উভয় পক্ষকে নিয়ে একটি গোপন ঘরোয়া বৈঠকের আয়োজন করে। সেখানে ভুক্তভোগী পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে এবং আইনি ঝামেলার ভয় দেখিয়ে মোটা অংকের অর্থ লেনদেন করা হয়। নগদ বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে থানায় দেওয়া অভিযোগটি প্রত্যাহার বা নিষ্ক্রিয় করার শর্তে পুরো বিষয়টি ঘরোয়াভাবে রফাদফা বা মীমাংসা করা হয়।
এলাকার সচেতন নাগরিক ও সাধারণ মানুষের মতে, এই ধরণের স্পর্শকাতর ও সামাজিক অপরাধমূলক বিষয়ে আইনি ব্যবস্থা না নিয়ে টাকার বিনিময়ে ঘরোয়াভাবে রফাদফা করার কারণে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, স্বার্থান্বেষী মহলের এমন অনৈতিক মধ্যস্থতার কারণে ভুক্তভোগীরা একদিকে যেমন প্রকৃত বিচার থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে অপরাধীরা পার পেয়ে গিয়ে পরবর্তীতে আরও বড় অপরাধ করার সাহস পাচ্ছে। বিয়ের প্রলোভনে প্রতারনার স্বীকার তরুনী তার প্রেমিককে হারিয়ে সে মানসিক ভারসাম্যহীন হয়ে পাগল প্রায়। নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ব্যাক্তি সাংবাদিকদের জানায়, ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি আইনুল হকের মধ্যস্থতায় বিষয়টি নিষ্পত্তি করা হয়।
এবিষয়ে ভুক্তভোগী তরুণীর বাবা মোস্তাকিম মিয়া অার্থিক লেনদেনের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের জানায়, আমার মেয়ের চিকিৎসার জন্য আমাকে খরচ দিয়েছে। তবে আমার দাবী ছিল এক লাখ বিশ হাজার। লেনদেন হয়েছে ৭০ হাজার আমি পেয়েছি ৬০ হাজার ১০ হাজার থানা খরচের পারপিছে খরচ কেটে নিয়েছে।
এবিষয়ে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার বলেছেন,আর্থিক লেনদেনের বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ ও আইনি ব্যবস্থা নেয়া হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর