
শহিদুল্লাহ্ আল আজাদ, বিশেষ প্রতিনিধি: মা ও ছেলের নিবিড় ভালোবাসা, পারিবারিক আবেগ এবং সামাজিক বাস্তবতার টানাপোড়েন নিয়ে নির্মিত হচ্ছে নতুন বাংলা চলচ্চিত্র ‘খোকন’। প্রযোজনা প্রতিষ্ঠান একে ফিল্মস-এর ব্যানারে নির্মিত এই পারিবারিক-সামাজিক সিনেমাটি পরিচালনা করছেন মোঃ আবুল কাশেম মন্ডল।
‘খোকন’ চলচ্চিত্রের মূল উপজীব্য মা ও ছেলের হৃদয়ছোঁয়া সম্পর্ক। গল্পে ফুটে উঠবে ভালোবাসা, আত্মত্যাগ, পারিবারিক বন্ধন ও বাস্তবমুখী নানা ঘটনা। নির্মাতা সূত্রে জানা গেছে, সব বয়সী ও পরিবারকেন্দ্রিক দর্শকদের হলে টানতেই এই সিনেমার গল্প সাজানো হয়েছে।

এই সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো রুপালী পর্দায় পা রাখতে যাচ্ছেন শেরপুরের তরুণ অভিনেতা ইয়াকুব আলী সরকার। নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন,
"প্রথম চলচ্চিত্রে অভিনয় করছি, অনুভূতিটা সত্যিই অন্যরকম। ‘খোকন’ চলচ্চিত্রে রেবেকা ভাবি, দুলারি আন্টি, সরল হাসমত ভাই, শেখ রিফাত ও প্রিয়া অনন্যার মতো জনপ্রিয় ও গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। ছবিতে আমি নায়ক শেখ রিফাতের বন্ধুর চরিত্রে অভিনয় করছি। দর্শকরা যদি আমার কাজটি একটুও পছন্দ করেন, তবেই আমার পরিশ্রম সার্থক হবে।"
‘খোকন’ চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শেখ রিফাত এবং তাঁর বিপরীতে রয়েছেন প্রিয়া অনন্যা। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন:
দিলারা জামান
বরদা মিঠু
রেবেকা
দুলারি
রকি
বান্টি
রেশমা
সরল হাসমত
তানিশা
কানন ও নবাগত ইয়াকুব আলী সরকার।
গল্পের অন্যতম আকর্ষণ হিসেবে এতে থাকছে পুলিশের একটি বিশেষ ও প্রভাবশালী চরিত্র, যা পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পারিবারিক বন্ধন ও আবেগের মিশেলে তৈরি ‘খোকন’ সিনেমাটি নিয়ে দর্শক ও ঢালিউড পাড়ায় ইতিবাচক সাড়া মিলছে। নির্মাতা ও অভিনয় শিল্পীদের আশা, ছবিটির গল্প এবং অভিনয় দর্শকদের হৃদয়ে চিরস্থায়ী জায়গা করে নেবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর