
বিশেষ প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধকতায় আক্রান্ত তিন বছর বয়সী শিশু আবু বক্করের চোখের চিকিৎসার সার্বিক দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। জন্মগত চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া এই শিশুটির নিরাময়ে ইতোমধ্যেই তিনটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আর মাত্র দু’টি সার্জারি করা সম্ভব হলে শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার ভালো সম্ভাবনা রয়েছে।
অসহায় শিশু আবু বক্করের বাড়ি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামে। তার বাবা পেশায় একজন সাধারণ দিনমজুর। স্বল্প আয় দিয়ে দুই সন্তানের সংসার চালানোর পাশাপাশি অসুস্থ ছেলের ধারাবাহিক ও ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়ে।
পরবর্তীতে শিশুটির আকুতি ও চিকিৎসার সহায়তার আবেদন জানিয়ে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি দৃষ্টিগোচর হওয়া মাত্রই তিনি দ্রুত শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁর অতিরিক্ত প্রেস সচিব এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্য সচিব মুকছেদুল মোমিন মিথুন সম্পূর্ণ বিষয়টির তদারকি করছেন। মাঠ পর্যায়ে সার্বিক খোঁজখবর রাখছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার স্থানীয় প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস।
প্রধানমন্ত্রীর এই মানবিক পদক্ষেপের ফলে শিশু আবু বক্করের পরিবারে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটি দ্রুত স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার পরিবার ও স্বজনরা।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর