
বদরগঞ্জে ভুটাক্ষেতে কীটনাশক স্প্রে করে সম্পূর্ণ ফসল পুড়িয়ে নষ্ট করে দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলে আসা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষকের প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার আর্থিক ক্ষতির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী কৃষক মো. মাহফিদার রহমান।
ঘটনাটি ঘটেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাঁচাবাড়ী কুটিপাড়া এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী কৃষক মো. মাহফিদার রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাদীদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বাড়ি ও বিবাদীদের জমি পাশাপাশি হওয়ায় তারা প্রায়ই তাকে ভয়ভীতি প্রদর্শন এবং জমির ফসল নষ্ট করার হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায়, গত ২ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিবাদীরা তাকে সরাসরি হুমকি দেন। পরবর্তীতে গত ৯ নভেম্বর সোমবার বিকেল সাড়ে ৫টা থেকে ১০ নভেম্বর মঙ্গলবার সকাল—এই কয়েক ঘণ্টার ব্যবধানে বিবাদীরা পূর্বপরিকল্পিতভাবে অনধিকার প্রবেশ করে মেশিনের সাহায্যে ভুটাক্ষেতে আগাছানাশক ঔষধ বা কীটনাশক স্প্রে করেন।
গত ১০ নভেম্বর মঙ্গলবার সকালে কৃষক মাহফিদার রহমান জমিতে গিয়ে দেখেন, ভুট্টাগাছগুলো বিবর্ণ হয়ে শুকিয়ে ও পচে মারা যাচ্ছে। স্থানীয় সাক্ষী মো. শহিদুল ইসলাম ও মো. জাইদুল ইসলাম জানান, অভিযুক্তরা নিজেরাই কীটনাশক স্প্রে করে ফসল নষ্ট করার কথা স্বীকার করেছেন এবং প্রতিবাদ করলে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন—মিলন মিয়া (৩৪), মো. শওকত মিয়া (৪৮), মো. এমদাদুল হক (৩৭), মো. জাহাঙ্গীর বাতেন (৫৬), মো. বেলাল (৫৩), মো. সিয়াম (২০), মো. সাইয়ানসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন।
ভুক্তভোগী কৃষক মো. মাহফিজার রহমান জানান, এই বর্বরোচিত ঘটনায় তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার অপূরণীয় ক্ষতি হয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে পরামর্শ করে তিনি বদরগঞ্জ থানায় এসে আইনগত সহায়তার জন্য অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে প্রধান অভিযুক্ত মিলন মিয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।#
# বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর