
মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাজারে। এর আগে সরকারি গাছ কেটে ঘর নির্মাণ এবং ভূমি অফিসের এক কর্মচারীকে মারধরের ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থাপনাটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানা গেছে। তবে প্রশাসনের সেই নির্দেশনার পরও পুনরায় সেখানে ঘর নির্মাণ করা হচ্ছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা প্রশাসনের নির্দেশনা থাকার পরও কীভাবে একই স্থানে আবার ঘর নির্মাণ করা হচ্ছে? নতুন করে ঘর নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি বা বৈধতা নেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
স্থানীয়দের প্রশ্ন, সরকারি গাছ কেটে স্থাপনা নির্মাণ এবং ভূমি অফিসের কর্মচারীকে মারধরের মতো ঘটনার পরও যদি প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ করা হয়, তাহলে প্রশাসনের নির্দেশনার কার্যকারিতা কোথায়?
এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে পুনরায় ঘর নির্মাণের বৈধতা, অনুমোদন এবং প্রয়োজনীয় ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দাবি করেছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, বিষয়টি সরেজমিনে তদন্ত করে সরকারি সম্পদ রক্ষা এবং প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর