
প্রেস বিজ্ঞপ্তি (২০ অক্টোবর ২০২৬): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজশাহী সফর, ধর্মসভা পরিদর্শন এবং ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আখচাষিদের মাঝে প্রণোদনার অর্থ বিতরণ ও জনসভা সফলভাবে সম্পন্ন হওয়ায় মহানগরবাসীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, রাজশাহী জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভাগীয় ও জেলা প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট সকল দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সনাতন ধর্মাবলম্বী, গণমাধ্যমকর্মী এবং রাজশাহীর সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।
রাসিক প্রশাসক বলেন, "মাননীয় প্রধানমন্ত্রীর রাজশাহী সফর সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিকতা, দায়িত্বশীলতা ও সমন্বিত উদ্যোগের পাশাপাশি রাজশাহীবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রশংসনীয়। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই সফর অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে।"
তিনি আরও যুক্ত করেন, "আমরা সকলে মিলে আগামীতে রাজশাহীকে আরও পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলব। বর্তমানের ন্যায় ভবিষ্যতেও সকলের এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা করি।"

রাসিকের কর্মকর্তা-কর্মচারী ও সহযোগীদের বিশেষ ধন্যবাদ:
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রাজশাহী মহানগরীকে দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তোলা, পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার, সড়ক ব্যবস্থাপনা ও সার্বিক পরিবেশ উন্নয়নে দিনরাত নিরলস পরিশ্রম করায় রাজশাহী সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন প্রশাসক।
এক বার্তায় তিনি জানান, রাসিকের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও দায়িত্বশীল ভূমিকা প্রধানমন্ত্রীর সফর সফল করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। একই সাথে জনসভাস্থলে দায়িত্ব পালনকারী সাউন্ড সিস্টেম ও ইভেন্ট ম্যানেজমেন্ট টিম, বিদ্যুৎকর্মী, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি তিনি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর