
বিশেষ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় কারাবন্দী বিএনপি নেতা মাহাবুর রশিদ রেন্টুর অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
জানা যায়, গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীতে কারাবন্দী বাবা মাহাবুর রশিদ রেন্টুর মুক্তির আকুতি জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন তাঁর দুই কন্যা। হৃদয়বিদারক এই ঘটনার পরপরই মাননীয় প্রধানমন্ত্রী পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য রাসিক প্রশাসককে নির্দেশ প্রদান করেন।
প্রধানমন্ত্রীর সেই নির্দেশনার পর বুধবার (২১ অক্টোবর ২০২৬) নগর ভবনে রাসিক প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎ করেন কারাবন্দী নেতার স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাঁর দুই কন্যা জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। এ সময় রাসিক প্রশাসক পরিবারটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন এবং কারাবন্দী নেতার কারামুক্তির জন্য আইনি প্রক্রিয়াসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এ বিষয়ে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার আমাকে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। স্যারের নির্দেশ অনুযায়ী আমি অসহায় পরিবারটির দায়িত্ব নিয়েছি। পরিবারটির সচ্ছলতার জন্য এক সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হবে। পাশাপাশি কারাবন্দী নেতার কারাগারে প্রয়োজনীয় আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ ও আইনি লড়াইয়ে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।”
সাক্ষাৎ শেষে কারাবন্দী নেতার কন্যা জারিন তাসনিম রাহি অনুভূতি প্রকাশ করে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটন স্যারের সঙ্গে দেখা করতে বলেছিলেন এবং দায়িত্ব দিয়েছিলেন। প্রশাসক মহোদয় আমার বাবার মুক্তি পাওয়া পর্যন্ত তাঁকে যতটা সম্ভব ভালো রাখার জন্য পদক্ষেপ নিয়েছেন এবং আমাদের পরিবারের পাশে থেকে সব ধরনের সহযোগিতার কথা দিয়েছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর