
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজশাহীজুড়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর প্রথম রাজশাহী সফর। তাঁর এই সফরের মধ্য দিয়ে রাজশাহীর চলমান উন্নয়ন ও অগ্রযাত্রা আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
রবিবার (১৮ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ (হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ) পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাসিক প্রশাসক বলেন, “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে শারদীয় দুর্গোৎসব পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহীতে আসছেন। এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের নগরবাসীর মধ্যে দারুণ উচ্ছ্বাস তৈরি হয়েছে।

নগরীর নাগরিক সেবা ও ভৌত অবকাঠামো উন্নয়নে একাধিক বড় প্রকল্পের কথা তুলে ধরে রাসিক প্রশাসক জানান, বর্তমান সরকার রাজশাহীকে তিলোত্তমা নগরী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত উল্লেখযোগ্য প্রকল্পসমূহ:
ফোর লেন সড়ক নির্মাণ: বিমান চত্বর থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত চার লেনের আধুনিক সড়ক নির্মাণ।
প্রধান সড়ক সংযোগ ও প্রশস্তকরণ: কুমারপাড়া গুলগফুর পেট্রোল পাম্প থেকে বড়কুঠি হয়ে বরেন্দ্র জাদুঘর অতিক্রম করে ফায়ার ব্রিগেড মোড় পর্যন্ত সড়ক উন্নয়ন ও প্রশস্তকরণ।
ওয়ার্ডভিত্তিক খেলার মাঠ ও ফুটসাল গ্রাউন্ড: নগরীর ৩০টি ওয়ার্ডেই তরুণদের জন্য খেলার মাঠের উন্নয়ন ও ফুটসাল গ্রাউন্ড নির্মাণ।
সিনিয়র সিটিজেন পার্ক: প্রবীণ নাগরিকদের বিনোদনের জন্য বিশেষ পার্ক নির্মাণ।
এছাড়া সম্প্রতি দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা হেতেমখাঁ-বর্ণালী সড়কের সংস্কার কাজ সম্পন্ন করার কথা জানান তিনি।
প্রধানমন্ত্রীর আগমন ও প্রস্তাবিত জনসভাকে কেন্দ্র করে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিশাল মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতি তদারকি করা হয়। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সংসদ সদস্য (রাজশাহী-৩)
আবু সাঈদ চাঁদ, সংসদ সদস্য (রাজশাহী-৬)
শাহীন শওকত, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ), কেন্দ্রীয় বিএনপি
মো. ইউসুফ আলী, রাজশাহী বিভাগীয় কমিশনার
হাবিবুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার
কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলা প্রশাসক

পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর