
মোঃ শহিদুল ইসলাম, পোরশা প্রতিনিধি: নওগাঁর পোরশায় নিজ ১০ মাস বয়সী শিশু সন্তানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যাচেষ্টার এক চাঞ্চল্যকর ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অভিযুক্ত বাবা মোঃ ইয়াসিন আহম্মেদকে একটি ধারালো চাকুসহ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, অভিযুক্ত ইয়াসিন আহম্মেদ নেশাগ্রস্ত অবস্থায় তার অবুঝ ১০ মাসের শিশুকে হত্যার চেষ্টা চালায়। ঘটনাটি টের পেয়ে প্রতিবেশীরা দ্রুত পোরশা থানা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়েই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ধারালো চাকুসহ ঘাতক বাবাকে হাতেনাতে আটক করে।
এদিকে গুরুতর রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা শিশুটিকে তাৎক্ষণিকভাবে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন।
এই বর্বরোচিত ঘটনার পর পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিশুটির চিকিৎসার পাশাপাশি তার ভবিষ্যতের নিরাপত্তার জোর দাবি জানিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে পোরশা থানা পুলিশ জানায়, অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখতে বিস্তারিত তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।#