
পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত সংলগ্ন পূর্ণভবা নদীতে ১০৯ জন যাত্রী নিয়ে একটি মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটেছে। নদীতে পাতা নিষিদ্ধ 'সুতি জালে'র বাঁশ ও শক্ত কাঠামোর সঙ্গে ধাক্কা লেগে নৌকার তলা ফেটে এ দুর্ঘটনা ঘটে। তবে স্থানীয়দের দ্রুত পদক্ষেপ এবং সৃষ্টিকর্তার অশেষ রহমতে শিশুসহ ১০৯ জন যাত্রীর সবাই অলৌকিকভাবে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার বিভীষণ এলাকা থেকে একটি পিকনিকের দল বড় একটি ইঞ্জিনচালিত নৌকায় আনন্দভ্রমণে বের হয়েছিল। দিনশেষে ফেরার পথে পূর্ণভবা নদীর নির্দিষ্ট একটি পয়েন্টে পৌঁছালে নদীতে পাতা অবৈধ সুতি জালের বাঁশের বাঁধার সাথে নৌকার তলা আটকে যায়। সজোরে ধাক্কা লাগায় মুহূর্তেই নৌকার তলা ভেঙে তলে পানি ঢুকতে শুরু করে এবং নৌকাটি ডুবে যায়।
নৌকাডুবির আকস্মিক দৃশ্য দেখে আশপাশের মাঝিমাল্লা ও স্থানীয় বাসিন্দারা নিজেদের ছোট ছোট নৌকা নিয়ে দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তাদের তাৎক্ষণিক সহায়তায় একে একে নৌকার শিশু, নারীসহ মোট ১০৯ জন যাত্রীকে নিরাপদে তীরে তুলে আনা সম্ভব হয়।
দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যাত্রীরা জানান, পিকনিকের আনন্দ মুহূর্তের মধ্যে আতঙ্কে রূপ নিয়েছিল। তবে স্থানীয়দের মানবিক সহায়তায় ১০৯ জন যাত্রী সুস্থ ও নিরাপদে বাড়ি ফিরতে পেরেছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর