
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর পুঠিয়ায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দেওয়ার এক নৃশংস অভিযোগ উঠেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোররাতে পুঠিয়া উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকার একটি ভাড়া বাসায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
আহত ব্যক্তির নাম আশরাফুল ইসলাম (৩৫)। তিনি পেশায় একজন বাস হেলপার। তাঁর বাড়ি পুঠিয়ার তারাপুর গ্রামে। আর অভিযুক্ত দ্বিতীয় স্ত্রীর নাম রেখা খাতুন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশরাফুলের প্রথম স্ত্রী তাঁর গ্রামের বাড়িতেই থাকেন। অন্যদিকে, দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে নিয়ে তিনি মাহিন্দ্রা বাজারে একটি আলাদা ভাড়া বাসায় বসবাস করতেন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করলেও আশরাফুল মাঝেমধ্যেই প্রথম স্ত্রীর কাছে যাতায়াত করতেন। আর এই বিষয়টিকে কেন্দ্র করে দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ও অসন্তোষ চলে আসছিল। এর জের ধরেই শনিবার ভোররাতে গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থায় রেখা খাতুন ব্লেড দিয়ে তাঁর পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ ওঠে।
ঘটনার পর স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বেলপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে। পরে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অদ্ভুত এক পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর দেখভাল ও সেবাশ্রুষা করছেন তাঁর প্রথম স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, অভিযুক্ত দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর