
পাবনা সাংবাদিক হুমকি এবং প্রাণনাশের চরম আশঙ্কার মধ্য দিয়ে দিন পার করছেন জাতীয় দৈনিক "প্রতিদিনের সংবাদ"-এর বেড়া-সাঁথিয়া প্রতিনিধি ও সমাজকর্মী আরিফ খান। পেশাগত দায়িত্ব পালন ও অনুসন্ধানী সংবাদ প্রকাশের জেরে তাকে মোবাইল ফোনে কুপিয়ে, জবাই ও গুলি করে হত্যার লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। সম্প্রতি একাধিক নম্বর থেকে আসা এসব হুমকির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি সাঁথিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৫৬৯) দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাংবাদিক আরিফ খান শুরু থেকেই বিভিন্ন অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অত্যন্ত সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করে আসছেন। সম্প্রতি তার করা তিনটি বিশেষ সংবাদ প্রকাশের পরই মূলত তাকে নানাভাবে দমন ও হয়রানির অপচেষ্টা শুরু হয়: ১. স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়ম সংক্রান্ত সংবাদ। ২. উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিলন মাহমুদের অনিয়ম ও তদন্ত প্রতিবেদন সংক্রান্ত সংবাদ। ৩. বেড়া উপজেলার আমিনপুর থানার মাশুমদিয়া এলাকায় সনদ ও অনুমোদনহীন কবিরাজ হালিম কবিরাজের অপচিকিৎসার বিরুদ্ধে সংবাদ।
এই শেষোক্ত সংবাদটির পর ভোক্তা অধিকার ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ অভিযানে ওই কবিরাজের চেম্বার সিলগালা করা হয়। এরপর থেকেই ক্ষুব্ধ একটি চক্র তাকে রাস্তায় ফেলে কুপিয়ে ও গুলি করে হত্যার হুমকি দিতে থাকে।
ভুক্তভোগী সাংবাদিক আরিফ খান বলেন, "আমার সংবাদে কারও আপত্তি থাকলে তা আইনি উপায়ে মোকাবিলা করা উচিত ছিল। কিন্তু এভাবে হুমকি দিয়ে আমাকে সত্য প্রকাশ থেকে থামানোর চেষ্টা চলছে। আমি আমার নিরাপত্তা চাই।"
সাঁথিয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুল হাই ও পাবনা প্রেসক্লাবের সম্পাদক জহুরুল ইসলাম এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকিদাতাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন তারা।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, "ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি করেছেন। হুমকিদাতাদের শনাক্ত করতে গোয়েন্দা ও থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।"
বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এস এম মনিরুজ্জামান আকাশ বলেন, "আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজে সত্য প্রকাশ বাধাগ্রস্ত হবে।"
পাবনা প্রতিনিধি প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর