নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: শিবগঞ্জ উপজেলায় পরকীয়া প্রেমকে কেন্দ্র করে সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে আনিসুর রহমান ওরফে বেহেদুলা (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রবিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে শিবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সেলিমাবাদ নবাব জায়গীর কোর্ট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই এলাকার মৃত জাফর আলী মিস্ত্রীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার মো. আওয়াল (২৬) ও মো. কেতাবুলের মেয়ে দুই সন্তানের জননী সাহিদা বেগমের (২৫) পরকীয়া সম্পর্ক নিয়ে রবিবার রাতে সালিশ বৈঠক বসে। সালিশে উভয়পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় ছেলেপক্ষ স্থান ত্যাগ করার সময় মেয়েপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে হামলা চালায়। এতে আনিসুর রহমান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরও জানান, আওয়াল ও সাহিদার মধ্যে বিয়ের আগ থেকেই সম্পর্ক ছিল। বিয়ের পরেও সেই সম্পর্ক চলতে থাকে। বিষয়টি নিয়ে এর আগে ১০-১২ দিন আগে একবার সালিশ বসে এবং তখন আওয়ালকে জরিমানাও করা হয়। এরপরও দুই পক্ষের মধ্যে উত্তেজনা অব্যাহত ছিল। সর্বশেষ রবিবার রাতে আবারও সালিশ বসে, যেখানে মেয়েপক্ষে নেতৃত্ব দেন সাহিদার মামাতো ভাই মো. কাওসার।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর