# পবা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলায় বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার হাশুয়ার আঘাতে মো. ইদ্রিস আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ভাই আবু বকর সিদ্দিক ও তাঁর ছেলে মো. আলফাজ (৩৫) আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বড়গাছী ইউনিয়নের দাঁদপুর বাগিচাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সকালে জমিতে পাট কেটে ধান লাগানোর কাজ করছিলেন আবু বকর সিদ্দিক ও তাঁর ছেলে আলফাজ। এ সময় আলফাজ তাঁর বাবার সামনে বিড়ি ধরালে বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হন আবু বকর। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতি শুরু হয়। ঘটনা দেখে স্থানীয়রা তাঁদের ঝগড়া থামিয়ে কাজ বন্ধ করে বাড়িতে চলে যেতে বলেন। কিছুক্ষণ পর আবারও বাবা-ছেলের মধ্যে মারামারি শুরু হলে ইদ্রিস আলী তাঁদের থামাতে এগিয়ে আসেন। এ সময় আলফাজের হাতে থাকা হাশুয়ার আঘাতে তাঁর বাবা আবু বকর সিদ্দিক ও চাচা ইদ্রিস আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন। আহত আবু বকর সিদ্দিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, আলফাজ মাদকাসক্ত। এছাড়া গত রোববার একটি নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগার থেকে জামিনে বাড়ি ফেরেন তিনি। পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মতিন বলেন, “পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাশুয়ার আঘাতে ইদ্রিস আলী নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর