
বিশেষ প্রতিনিধি: পদ্মা নদী দিয়ে পাট কিনে নৌকায় ফেরার পথে ভুলবশত ভারতীয় সীমান্তে ঢুকে পড়ায় রাজশাহীর বাঘা উপজেলার পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। ঘটনাটি ঘটার ৫ দিন পার হলেও আটক ব্যক্তিদের সুনির্দিষ্ট কোনো খোঁজ না পাওয়ায় চরম উদ্বেগ ও কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা।
আটক ব্যক্তিরা হলেন—বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের কলেজছাত্র মোশাররফ হোসেন, পাট ব্যবসায়ী সাহাবুল আলী (৪০), বাবর আলী (৪০), নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) ও আশাদুল ইসলাম (৩৮)। এদের মধ্যে তিনজন পাট ব্যবসায়ী এবং দুজন নৌকার মাঝি-মাল্লা।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নদীপথে পাট কিনে ফেরার সময় নদীতে তীব্র স্রোত ছিল। স্রোতের কারণে নৌকার মাঝি দিক সামলাতে না পেরে ভুলবশত ভারতীয় সীমান্তের প্রায় ২ থেকে আড়াই কিলোমিটার ভেতরে চলে যান। এ সময় প্রায় ২০০ মণ পাট বোঝাই নৌকাসহ ওই ৫ জনকে আটক করে নিয়ে যায় বিএসএফ।
ঘটনার পর স্বজনরা স্থানীয় বিজিবির আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করলে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে বিএসএফ জানায়, বিষয়টি এখন তাদের স্থানীয় আওতাভুক্ত নয়, উচ্চপর্যায়ে যোগাযোগ করতে হবে।
এদিকে, বিষয়টি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ এবং উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তবে এখনও আটকদের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরজমিনে গিয়ে দেখা যায়, আটকদের বাড়িতে স্বজনদের বিলাপ চলছে। নৌকার মাঝি আশাদুল ইসলামের মেয়ে বৈশাখী আকুতি জানিয়ে বলেন, "আমার বাবাকে এনে দেন। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর কেউ নেই।"
পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু জানান, আটক ব্যক্তিরা অত্যন্ত দরিদ্র ও সাধারণ ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে কোনো চোরাচালানের অভিযোগ নেই। কেবল সীমান্ত ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার জানান, "ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। বিজিবির সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের দ্রুত ফেরত আনার চেষ্টা চালানো হবে।"
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর