
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ঝুঁকি হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকে প্রস্তুত করার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.জেড.এম. নাহিদ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোহরাব হোসেন এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশীষ কুমার দেবনাথ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সুধীজন।
আলোচনা সভায় বক্তারা প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি, জনসচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দুর্যোগের আগে, দুর্যোগ চলাকালে এবং দুর্যোগ-পরবর্তী সময়ে করণীয় বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় প্রশিক্ষণ, দ্রুত উদ্ধার কার্যক্রম এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
আলোচনা সভা শেষে ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ বিভিন্ন ধরনের দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবিলায় করণীয় বিষয়ে জনসচেতনতামূলক বিশেষ মহড়া ও কসরত প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর