
মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার | কালীগঞ্জ (গাজীপুর): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে পর্যায়ক্রমে কাজ শুরু করেছেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব এ কে এম ফজলুল হক মিলন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান এবং যুব কর্মসংস্থান—বিভিন্ন খাতে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।
উপজেলার নাগরী এলাকার স্বপ্ন কানন রিসোর্টে অনুষ্ঠিত উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলুল হক মিলন এসব কথা বলেন।
মতবিনিময় সভায় এমপি মিলন বলেন, “আমি উন্নয়নের কথা বলি কাজ দিয়ে, কথা দিয়ে নয়। কালীগঞ্জের উন্নয়নের ইতিহাস খুঁজে দেখুন—সবখানে আমাকে পাবেন।”
তিনি জানান, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর শিক্ষা খাতকে অন্যতম অগ্রাধিকার দিয়ে উন্নয়ন কাজ শুরু করেছেন। গত ১৫ সেপ্টেম্বর কালীগঞ্জে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ১৩ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন: মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন।
নতুন ভবন উদ্বোধন: কালীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ, চুপাইর বালিকা বিদ্যালয়, ভাইয়াসুতি উচ্চ বিদ্যালয় ও কালীকুটি দাখিল মাদ্রাসা।
শিক্ষা উপকরণ ও অনুদান: উপজেলার ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল স্মার্ট বোর্ড, শিক্ষা উপকরণ, সাংস্কৃতিক ও ক্রীড়া সরঞ্জাম এবং পানির ফিল্টার প্রদান করা হয়েছে।
শিক্ষার্থী ও নারীদের সহায়তা: অস্বচ্ছল মেধাবী ১৫৭ জন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ১৫০ জন দুঃস্থ নারীকে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
কালীগঞ্জের সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে প্রায় ১৭ কোটি টাকার ৩টি বিশেষ সড়ক প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পগুলো হলো:
মোক্তারপুর ইউনিয়নের হাশেম শেখের বাড়ি থেকে সোলায়মানের টেক মসজিদ পর্যন্ত সড়ক এইচবিবি করণ।
মাঝুখান থেকে কালীগঞ্জ দৃষ্টিনন্দন সড়ক প্রকল্প।
জামালপুর ইউনিয়নের জাঙ্গালীয়া জিসি থেকে জামালপুর জিসি হয়ে দোলন বাজার সড়ক উন্নয়ন প্রকল্প।
স্বাস্থ্যসেবার মান বাড়াতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সক্ষমতা ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতালে এমআরআই (MRI)-সহ আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি সংযোজন, প্রয়োজনীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা প্রক্রিয়াধীন রয়েছে।
সামাজিক ও মানবিক সহায়তার অংশ হিসেবে:
২০টি পরিবারকে ছাগল ও ১০টি পরিবারকে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৮৩টি মসজিদ, মন্দির, গির্জা, মাদ্রাসা, এতিমখানা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে ১ কোটি ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
উপজেলার ১৯টি মাদ্রাসা ও এতিমখানায় ১৯ টন চাল বিতরণ করা হয়েছে।
তরুণদের কর্মসংস্থান নিয়ে এমপি মিলন বলেন, “যুব সমাজই আমাদের সবচেয়ে বড় শক্তি। শুধু চাকরির পেছনে না ছুটে কারিগরি প্রশিক্ষণ ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। কালীগঞ্জে নতুন শিল্প ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করে হাজারো তরুণ-তরুণীর কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”
একটি আধুনিক ও উন্নত কালীগঞ্জ গড়ে তোলাই মূল লক্ষ্য উল্লেখ করে সংবাদ সভায় উপস্থিত নেতৃবৃন্দের ধন্যবাদ জানান এমপি মিলন। মতবিনিময় সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর