
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অবক্ষয়ের কারণে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা, নিরাপদ পানি ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ এবং পরিবেশদূষণ রোধে রাজশাহীর গোদাগাড়ীতে এক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুশীল সমাজ সংগঠন (সিএসও) ও স্থানীয় কর্তৃপক্ষের অংশগ্রহণে এ সংলাপের আয়োজন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টায় গোদাগাড়ী উপজেলা কৃষি ট্রেনিং সেন্টারের হলরুমে ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের অর্থায়নে এবং ডাসকো ফাউন্ডেশনের বাস্তবায়নে পরিচালিত ‘এনগেজ (ENGAGE)’ প্রকল্পের আওতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংলাপে স্থানীয় জনগণের নিরাপদ পানির ব্যবস্থা করা, স্বাস্থ্যসম্মত টয়লেট ও স্যানিটেশন স্থাপনের আবেদন প্রক্রিয়া, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া এবং সংশ্লিষ্ট সরকারি সেবা সহজলভ্য করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান কার্যক্রম, স্থানীয় পর্যায়ে নতুন পানির উৎস স্থাপন এবং স্যানিটেশন সুবিধা সম্প্রসারণের সুযোগ সম্পর্কে আলোকপাত করা হয়।
জেলা সুশীল সমাজ সংগঠনের সভা প্রধান তানিয়া ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে উপস্থিত ছিলেন গোদাগাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা মনজেল আহমেদ, উপজেলা সুশীল সমাজ সংগঠনের সম্পাদক ললীন চন্দ্র সরকার, মাকসুদা খানম, দীপ্তি রানী ও রোকসানা খাতুনসহ সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিরা।
সংলাপে বক্তারা বলেন, "নিরাপদ পানীয় জল, স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন ব্যবস্থা ও পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মৌলিক অধিকার। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির মুখে থাকা সাধারণ মানুষের এসব মৌলিক সুবিধা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং সুশীল সমাজ সংগঠনের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার করা অত্যন্ত জরুরি।"
অংশগ্রহণকারীরা স্থানীয় জনগণের বাস্তব প্রয়োজন চিহ্নিত করে সরকারি সেবা প্রাপ্তির আবেদনপ্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর