
সবুজনগর ডেস্ক: সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সৌদি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা কূটনৈতিক মিশনকে কোনো তথ্য না দেওয়ায় এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, গত ১৪ অক্টোবর বাংলাদেশ জানতে পারে যে সৌদি আরবের আইনি প্রক্রিয়ায় দুই প্রবাসী বাংলাদেশি কর্মীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে তা কার্যকরও করা হয়েছে।
শামা ওবায়েদ বলেন, "আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সৌদি আরবে অবস্থিত আমাদের দূতাবাস কাউকেই আগে থেকে এ বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। মৃত্যুদণ্ড কার্যকরের পেছনের সার্বিক পরিস্থিতি, অপরাধের ধরণ, বিচার প্রক্রিয়া এবং বাংলাদেশ দূতাবাসকে আগে থেকে অবহিত না করার কারণ ব্যাখ্যা করতে সৌদি আরবের প্রতি অনুরোধ জানানো হয়েছে।"
তিনি আরও জানান, নিহত দুই প্রবাসীর পরিচয় শনাক্ত করা হলেও তাদের কর্মসংস্থান, নিয়োগকর্তা, সৌদি আরবে অবস্থানের মেয়াদ ও মৃত্যুদণ্ড কার্যকরের পেছনের সুনির্দিষ্ট তথ্য এখনো পাওয়া যায়নি। বিষয়টি ইতিমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কেও জানানো হয়েছে এবং বিস্তারিত অফিশিয়াল উত্তরের জন্য অপেক্ষা করা হচ্ছে।
মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটিকে ‘মর্মান্তিক ও অনভিপ্রেত’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রবাসে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলা উচিত। কারণ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী নিজ ভূমিতে সংশ্লিষ্ট দেশের আইনই প্রাধান্য পায়।
মধ্যপ্রাচ্যে চলমান আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বর্তমানে সৌদি আরবে ৪০ লাখেরও বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। সম্প্রতি বিভিন্ন হামলার ঘটনায় কয়েকজন বাংলাদেশি নিহত ও আহত হয়েছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন এবং নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
তবে এই ঘটনায় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে প্রভাব পড়বে না উল্লেখ করে শামা ওবায়েদ বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত দৃঢ়। নতুন সরকার গঠনের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিকবার সৌদি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। রিয়াদের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর আসন্ন সৌদি আরব সফরের প্রস্তুতিও পুরোদমে চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর