
প্রতীকী ছবি
বিশেষ প্রতিনিধি: নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বড়াইগ্রাম থানা মোড় এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষে এক বাসের চালকের সহকারী (হেলপার) ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম মিঠুন (৪০)। তিনি নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাট এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন এবং ‘তাবাসসুম পরিবহন’ নামের একটি বাসে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা অভিমুখে ছেড়ে যাওয়া ‘দেশ ট্রাভেলস’-এর একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা ‘তাবাসসুম পরিবহন’-এর মুখোমুখি ধাক্কা লাগে। এতে গাড়ি দুটির সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হেলপার মিঠুনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এবং স্থানীয় থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে।
নাটোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের উপ-সহকারী পরিচালক আখতার হামিদ খান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন করেছে। দুর্ঘটনায় আহত অন্যান্য যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর