
জিয়াউল কবীর: দীর্ঘ প্রায় দুই দশকের প্রতীক্ষা, আইনি প্রক্রিয়া ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে কর্মজীবনে প্রবেশ করলেন ২৪৬ জন নবীন পুলিশ কর্মকর্তা। বৃহস্পতিবার সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (২০০৬ ব্যাচ)-এর ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবীন কর্মকর্তাদের প্রতি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পেশাগত ও ব্যক্তিগত জীবনে কোনো ধরনের বৈষম্য ও অন্যায়ের চর্চা না করার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে পুলিশকে সত্যিকার অর্থে ‘জনগণের পুলিশ’ হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
জনবান্ধব ও বৈষম্যহীন পুলিশিং: ভয়ভীতি ও পক্ষপাতিত্ব উপেক্ষা করে সব শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতে হবে। দুর্ব্যবহার ও পেশিশক্তির পরিবর্তে দক্ষতা, নিরপেক্ষতা ও মানবিক আচরণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন তিনি।
আধুনিক অপরাধ মোকাবিলা: সাইবার অপরাধ, অনলাইন জালিয়াতি, আর্থিক প্রতারণা, মাদকসংক্রান্ত অপরাধ ও মানব পাচারের মতো নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তি, বৈজ্ঞানিক তদন্ত ও ডিজিটাল ফরেনসিকের ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।
পুলিশ বাহিনী পুনর্গঠন: অতীতের আমলে ক্ষতিগ্রস্ত পুলিশ বাহিনীকে পুনর্গঠন করে দক্ষ ও সেবামুখী করতে প্রয়োজনীয় আইন প্রণয়ন, জনবল বৃদ্ধি, অবকাঠামো নির্মাণ ও সরঞ্জাম সরবরাহের কাজ চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কঠোর শৃঙ্খলার হুঁশিয়ারি: দায়িত্ব পালনে অবহেলা, অনৈতিক কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান বলবৎ থাকবে বলে সতর্ক করেন তিনি।
প্রশিক্ষণার্থী ও কৃতি কর্মকর্তা: প্যারেড পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন। এদিন ২৭তম শিক্ষানবিশ সার্জেন্টের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টরের ১৬২ জন কর্মকর্তা সনদ পান।
শ্রেষ্ঠ সার্জেন্ট: মোহাঃ ওমর ফারুক (একাডেমিক: মোহাম্মদ দেলোয়ার হোসেন, ফিল্ড: সাইফুল ইসলাম, শ্যুটার: মোহাঃ আসাদুজ্জামান)।
শ্রেষ্ঠ ক্যাডেট এসআই: মোহাম্মদ জাহাঙ্গীর আলম (একাডেমিক: মো. বোরহানুল ইসলাম, ফিল্ড: দেওয়ান গোলাম রসুল, শ্যুটার: মো. কামাল গনি)।
উপস্থিত অতিথিবৃন্দ: অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপাল মো. মাইনুল হাসান বিপিএম, রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. রেজাউল আলম সরকার, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদসহ সামরিক-বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘সবার আগে বাংলাদেশ’ মন্ত্রে উজ্জীবিত হয়ে দেশের নিরাপত্তা ও জনগণের কল্যাণে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর