
মো. কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীতে আলোচিত হত্যা, অস্ত্র, মাদক ও অপহরণসহ একাধিক মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী আবু লালকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আবু লাল নরসিংদী শহরের শালিধা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক ও অপহরণের অভিযোগে ৬টি মামলা চলমান রয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে শহিদুল্লাহ ওরফে বাবু (২৮) নামের এক ব্যক্তি নিহত হন। ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই মূল অভিযুক্ত আবু লাল পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক দল ছদ্মবেশে যৌথ অভিযান পরিচালনা করে।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে ডিবির একটি দল হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে, নিজ বসতঘরের রান্নাঘরের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা ম্যাগাজিনভর্তি আট রাউন্ড গুলিসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায় ডিবির একাধিক টিম এই সফল অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সন্ত্রাস, মাদক, অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর