
দেবহাটা প্রতিনিধি: "দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওলিউর ইসলাম, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, দেবহাটা থানার প্রতিনিধি ইব্রাহিম খলিল, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড পারুলিয়া শাখার পরিচালক ওমর ফারুক রাজিব, 'আমাদের টিম মানবিক পরিবার'-এর পরিচালক ও আমাদের যুব টিমের সভাপতি শেখ মনিরুল ইসলাম এবং দেবহাটার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন 'দরদি'-র প্রতিনিধি সেলিম হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন প্রান্ত থেকে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্বের বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী বলেন, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর বিভিন্ন বিষয়ের ওপর স্বল্পমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে এবং সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে। দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নেওয়া যায় এবং সহজ শর্তে বড় ধরনের ঋণ পাওয়া সম্ভব। এসব কার্যক্রম সম্পর্কে জানতে যুব উন্নয়ন অফিসে যোগাযোগের আহ্বান জানান তিনি।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা যুবকদের উদ্দেশ্যে বলেন, "চাকরির পিছনে না ঘুরে নিজে কীভাবে একজন সফল উদ্যোক্তা হওয়া যায়, সে ভাবনা নিজের মধ্যে লালন করতে হবে। তবেই বেকারত্ব ঘুচে যাবে এবং চাকরির পিছনে আর ছুটতে হবে না।"#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর