
দূর্গাপুরে যৌথ অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও দূর্গাপুর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে রাজশাহী জেলার দূর্গাপুর উপজেলায় এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি), ফার্মেন্টেড মিল্ক (দই) ও ডেকোরেটেড কেক’ বিক্রি ও বিতরণ করায় এবং পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখসহ অন্যান্য অত্যাবশ্যকীয় তথ্য সম্বলিত লেবেল না থাকায় দূর্গাপুর বাজারে অবস্থিত চারটি মিষ্টির প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এর মধ্যে আসিফ মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা, শাকিল মিষ্টান্ন ভান্ডারকে ৮ হাজার টাকা, দূর্গাপুর মিষ্টি বাড়ীকে ৫ হাজার টাকা এবং দূর্গাপুর মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ ও ছাড়পত্রবিহীন এবং বৈধ আমদানি ব্যতীত চোরাই পথে আনা বিদেশী ‘চকলেট, লজেন্স, শ্যাম্পু, লোশন, স্কিন ক্রিম প্রভৃতি’ বিক্রি করার অপরাধে মেডিকেল মোড়ে অবস্থিত নিশাত গিফট কর্ণার প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দূর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে পরিচালিত এই যৌথ অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বিপুল বিশ্বাস।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য ও নিরাপদ ভোগ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।#
বিশেষ প্রতিনিধি প্রেরিত-
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর