কুষ্টিয়া সংবাদদাতা : কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজার ব্যক্তিগত ফেসবুক একাউন্ট রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রিপোর্ট করে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে থানায় মুফতি আমীর হামজা সাধারণ ডায়েরীও করেছে।
জানা গেছে, চলমান নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে মুফতি আমির হামজার জনপ্রিয়তা ও গণসংযোগ কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই একটি চক্র সংঘবদ্ধভাবে তার ফেসবুক আইডি রিপোর্ট করে বন্ধ করিয়ে দেয়। ফলে দীর্ঘদিন ধরে ব্যবহৃত আইডিটি বর্তমানে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে মুফতি আমির হামজার কর্মীরা জানায়, এটি একটি পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্য, কর্মসূচি ও ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পক্ষে প্রচারণা সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলছিল। এতে প্রতিপক্ষ রাজনৈতিক গোষ্ঠী উদ্বিগ্ন হয়ে এ ধরনের ডিজিটাল হামলার পথ বেছে নিয়েছে।
এ সময় আমির হামজার আইটি বিভাগ জানায়, ‘মুফতি আমির হামজার অফিসিয়াাল ফেসবুক পেইজ গত কয়েকদিন ধরে একটি সংঘবদ্ধ অপশক্তির পরিকল্পিত ভুয়া কপিরাইট স্ট্রাইক ও সাইবার আক্রমণের শিকার হয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় আজ ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাময়িকভাবে পেইজটি অপসারণ করেছে। এটি কোনো নীতিমালা লঙ্ঘনের কারণে নয়, বরং উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ ও ভুয়া রিপোর্টিংয়ের ফল।
আইটি বিভাগ আরও জানায়, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মানুষের ভালোবাসা, সমর্থন ও ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত মহল এই ন্যাক্কারজনক কাজটি করেছে। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই ফেসবুক থেকে একটি পেইজ সরিয়ে দিলেও মানুষের হৃদয় থেকে আমির হামজাকে সরানো যাবে না। ইতোমধ্যে পেইজ পুনরুদ্ধারের জন্য মেটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় সকল তথ্য ও প্রমাণ উপস্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যম একটি গুরুত্বপূর্ণ প্রচারণা মাধ্যম। এমন অবস্থায় কোনো প্রার্থীর আইডি বন্ধ করে দেওয়া মত প্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি হস্তক্ষেপ এবং গণতান্ত্রিক পরিবেশের জন্য হুমকি। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সমর্থকরা দ্রুত প্রশাসনের কাছে ব্যাবস্থা গ্রহনের দাবি জানিয়েছে। একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যে ডিজিটাল প্ল্যাটফর্মের অপব্যবহার বন্ধে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা কামনা করেছেন তারা।
এদিকে বিষয়টি নিয়ে সাধারণ ভোটারদের মধ্যেও ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা মনে করছেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা হবে আদর্শ ও কর্মসূচির মাধ্যমে, ডিজিটাল ষড়যন্ত্রের মাধ্যমে নয়। এ বিষয়ে মুফতি আমীর হামজা বলেন, একটি চক্র ইর্ষান্বিত হয়ে তারা আমার জনপ্রিয়তা নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। তারা আমার আইডিটির উপর আক্রমন চালিয়েছে। তারা যত ষড়যন্ত্রই করুক বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কখনই ঠেকাতে পারবেনা। তারা আমীর হামজার কর্মকান্ডকে সাময়িকভাবে বাধাগ্রস্থ করতে পারে। কিন্তু দাড়িপাল্লার বিজয় ঠেকাতে পারবেনা। তারা আমাদের জয়কে উপলব্ধি করেই আমাদের উপর সকল ধরনের চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মুফতি আমীর হামজা সাধারণ ডায়েরী করেছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর