বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মামুনুর রশীদ মামুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৭ ডিসেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে তানোর পৌর এলাকার বেলপুকুরিয়া মহল্লায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী ও একমাত্র কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। একই দিন বেলা ২টায় জানাজার নামাজ শেষে নিজ পাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাংবাদিক মামুনুর রশীদের আকস্মিক মৃত্যুতে তানোর প্রেস ক্লাবের সকল সদস্য গভীরভাবে শোকাহত ও মর্মাহত হয়েছেন। তানোর প্রেস ক্লাবের সভাপতি সাঈদ সাজু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল এক যৌথ শোকবার্তায় বলেন, মামুনুর রশীদ ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান, দায়িত্বশীল ও সাহসী সাংবাদিক। সাংবাদিকতা পেশায় তার অবদান তানোর প্রেস ক্লাবসহ স্থানীয় সাংবাদিক সমাজ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার অকাল মৃত্যুতে আমরা একজন আদর্শবান সহকর্মী ও মানবিক মানুষকে হারালাম, যা অপূরণীয় ক্ষতি।
নেতৃবৃন্দ আরও বলেন, মরহুমের পেশাগত সততা, সহকর্মীদের প্রতি আন্তরিকতা এবং সাংগঠনিক দক্ষতা তানোর প্রেস ক্লাবের কার্যক্রমকে দীর্ঘদিন সমৃদ্ধ করেছে। শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
এছাড়াও শোক প্রকাশ করেছেন তানোর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল ইসলাম রনজু,যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিঠু, ক্যাশিয়ার ইমরান হোসাইন, সদস্য লুৎফর রহমান, টিপু সুলতান, ওবাইদুর রহমান সুজন, আশরাফুল আলম, শরিফুল ইসলাম, মাহবুব আলম জুয়েল, মমিনুল ইসলাম মুন সহ তানোর প্রেস ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। আরো শোক জানাইছেন সিনিয়র সাংবাদিক আলিফ হুসেন।
তানোর প্রেস ক্লাবের পক্ষ থেকে মরহুম সাংবাদিক মামুনুর রশীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তার সাংবাদিকতা ও সাংগঠনিক অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়। জানা যায়, সাংবাদিক মামুনুর রশীদ ছাত্রজীবনে তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি ২০০৬ সালে দৈনিক উপাচার পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দৈনিক নতুন প্রভাত এবং সর্বশেষ দৈনিক আমার দেশ পত্রিকার তানোর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আমিন।#